চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় পরিত্যক্ত অবস্থায় তিনটি পাইপগানসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৭।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে নবী মেম্বারের বাড়ির গোয়ালঘরের উত্তর পাশে জমির ঝোপের মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় দেশীয় অস্ত্র মজুদ রয়েছে। খবর খবর পেয়ে ১৩ নভেম্বর রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে র্যাব-৭ এর একটি বিশেষ আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।
ট্রিগারযুক্ত কালো রঙের দু’নলা শুটারগান (দৈর্ঘ্য ২০.৫ ইঞ্চি), ট্রিগারযুক্ত আরেকটি দু’নলা শুটারগান (দৈর্ঘ্য ১৭ ইঞ্চি), ট্রিগারযুক্ত এক নলা শুটারগান (দৈর্ঘ্য ১১.৫ ইঞ্চি), ১২ বোরের ১২টি সবুজ রঙের কার্তুজ, ১১টি দেশীয় ছুরি, ২টি দেশীয় রামদা, ১টি লাল রঙের বেসবল ব্যাট উদ্ধার করা হয়।
র্যাব-৭ আরও জানায়, পরিত্যক্ত অবস্থায় পাওয়া এসব অস্ত্র জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
