চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মার বিরুদ্ধে অপপ্রচার, সাংবাদিক-জনতার প্রতিবাদ।
ভাদ্রের তপ্ত দুপুর। লোকজনও তেমন নেই নগরের চেরাগি পাহাড় মোড়ে। কিন্তু জুমার নামাজ শেষে হঠাৎ বদলে গেল চিত্র! দলে দলে লোক জড়ো হতো থাকল চেরাগির গোলচত্বরে।
তীব্র রোদেই শুরু হলো মানববন্ধন। সহস্রাধিক লোকের এ মানববন্ধন কোনো রাজনৈতিক নয়, নয় কোনো সংগঠনের। এ মানববন্ধন একজন সাংবাদিকের জন্য, একজন পত্রিকার মালিকের জন্য। মানববন্ধনের মাঝেই হাজারো কণ্ঠে ধ্বনিত হলো— আয়ান শর্মার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।
চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মার বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার, ষড়যন্ত্র ও হুমকির প্রতিবাদে শুক্রবার (২১ আগস্ট) এ মানববন্ধনের আয়োজন করা হয়। যার আয়োজনে ছিল ‘সাংবাদিক-ছাত্র-শ্রমিক-জনতা’।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আমলে অনিয়মের তথ্য তুলে ধরে একটি শিল্পগোষ্ঠীর রোষারলে পড়েন চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা। সরকারি শক্তি ব্যবহার করে চলতে থাকে একের পর এক ষড়যন্ত্র। এমনকি তৎকালীন তথ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেন চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশনা বন্ধ করে দেওয়ার। পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মাকে গোয়েন্দা সংস্থার হুমকিসহ একাধিক ভুয়া মামলায় আসামি করা হয়।
বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর কিছুদিন আড়ালে থাকে ওই শিল্পগোষ্ঠী। কিন্তু হালে ফের সনাতনীদের একটি চক্রকে হাতিয়ার করে অপপ্রচার চালাচ্ছে চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মার বিরুদ্ধে।
সিটি ও লোকাল ট্যুর গাইড এক্সপ্লোর করা
সাংবাদিক নেতারা সাবধান করে বলেন, আয়ান শর্মার বিরুদ্ধে অপপ্রচার-ষড়যন্ত্র যদি বন্ধ করা না হয়, তাহলে বাংলাদেশের ২০১টি পত্রিকায় একযোগে নেপথ্যের অপ্রচারকারী ও ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করা হবে।
চট্টগ্রাম প্রতিদিনের সিনিয়র রিপোর্টার জুলহাজ নীলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফাইন্যান্স টুডের সম্পাদক, সম্পাদক-প্রকাশক পরিষদের সদস্য সচিব মতিউর রহমান, দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক ও সম্পাদক-প্রকাশক পরিষদের যুগ্ম আহ্বায়ক খাইরুল আলম রফিক, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এমএ হাশেম রাজু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল, চট্টগ্রাম আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জাতীয় বাণিজ্য জগতের সম্পাদক আনিছুর রহমান সাব্বির, সিনিয়র সাংবাদিক সোহাগ আরেফিন, সিনিয়র সাংবাদিক শিব্বির আহমেদ ওসমান, সাংবাদিক আরিয়ান লেনিন, সাংবাদিক উন্নয়ন পরিষদ চেয়ারম্যান মিজান উল্লাহ সমরকন্দি, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুর ইসলাম, সমাজসেবক সাইদুর রহমান রিমন, চট্টগ্রাম প্রতিদিনের সিনিয়র রিপোর্টার ইসমত মর্জিদা ইতি, সনাতনী ছাত্রনেতা সীমান্ত দত্ত ঋজু এবং চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইমরান আহমেদ।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান রনি, সনাতনী সংগঠনের কর্ণধার অশোক চক্রবর্তী, স্বাধীন বাংলা নিউজের প্রধান সম্পাদক সালাউদ্দিন মিঠু এবং জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের মহিলা সম্পাদিকা দীপ্তি চৌধুরী দিপা, সাংবাদিক সাত্তার সিকদার, কাউছার আলম, নুরুল আলম, মুহাম্মদ ইউনুস, সৈয়দ নজরুল ইসলাম।
এছাড়া মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, আইনজীবী, ছাত্রনেতাসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে বের করা হয় প্রতিবাদ র্যালি। স্লোগানে স্লোগানে চেরাগি মোড় থেকে শুরু হওয়া র্যালি জেএম সেন হল চত্বর ঘুরে চট্টগ্রাম প্রেসক্লাব হয়ে জামালখানের চট্টগ্রাম প্রতিদিন অফিসের সামনে এসে শেষ হয়। এ সময় সহস্রকণ্ঠে উচ্চারিত হয়—‘আয়ান শর্মার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘সাংবাদিককে হুমকি, মানি না, মানবো না’, ‘মিথ্যা প্রচার হুলিয়া, নিতে হবে তুলিয়া’।
