চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল এবং চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন— নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানার নন্দীপুর এলাকার রফিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে রবিউল হাসান ভূঁইয়া (২৫) এবং চট্টগ্রাম জেলার রাউজান থানার সুলতানপুর এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে আদনান উদ্দিন (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ হাসান মোস্তফা স্বপনের দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে এসআই বাহার মিয়া সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং স্থানীয়দের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের অবস্থান নিশ্চিত করা হয়। পরে গত ২৩ অক্টোবর রাত ১টা ১০ মিনিটের দিকে পাঁচলাইশ থানাধীন মমিনবাগ ৪ নম্বর রোডের ‘নাহার ভবন’-এর নিচতলায় অভিযান চালিয়ে রবিউল ও আদনানকে গ্রেফতার করা হয়।
অভিযান কালে আসামিদের হেফাজত থেকে বাদীর চুরি হওয়া একটি ‘SUZUKI GIXER FI DISC’ মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই সাথে চুরির কাজে ব্যবহৃত ‘চট্ট মেট্টো-ব-১২-১৫৮০’ রেজিস্ট্রেশন নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়।
এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোডের ৩৮২ ধারায় মামলা (মামলা নং-৩৫, তারিখ: ২১/১০/২০২৬) দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
