রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগে মোহাম্মদ সাইদুর রহমান (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার ৩ নম্বর রাইখালী ইউনিয়নের রাইখালী বাজার থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, মেসার্স কাজী রাসেল অ্যান্ড ব্রাদার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ভুয়া এনএসআই পরিচয়ে গত চার মাস ধরে মাসে ১০ হাজার টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এনএসআই পরিচয়ে দীর্ঘ চার মাস ধরে চাঁদা আদায়ের অভিযোগে তাঁকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
