বিডিআর হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিত করতে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত বিশেষ প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে কমিটি গঠনের জন্য নামগুলো নিতে হবে। আপনারা জানেন, এসব কমিটিতে সবাই আসতে চায় না। এটি একটি সমস্যা। নাম সংগ্রহে যদি সময় না লাগত, তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যেত। কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তাসহ পাঁচ থেকে ৯ জন সদস্য থাকবে। নাম পাওয়ার পর তাদের সঙ্গে আলোচনা করে তারপর আমরা সময়টা বলতে পারব।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডে পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতকরণে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নয় একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে আমি প্রথম থেকেই বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতকরণে সোচ্চার ছিলাম এবং এখনও রয়েছি। এ বিষয়ে গত ২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবার এবং ৪ নভেম্বর বিজিবির সদরদপ্তর পরিদর্শন কালে দ্বিতীয়বার ঘোষণা দিই, যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিতকরণের জন্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্রবাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে এই কমিটি গঠন করা হবে। কমিটির সদস্য সংখ্যা এখন নিশ্চিত করা হয়নি। পাঁচজন, সাতজন বা নয়জনও হতে পারে। তবে সশস্ত্র বাহিনীর মধ্য থেকে একটু বেশি থাকবে।
