আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে ঘটনাটি ঘটে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কাফির বাবা মাওলানা এবিএম হাবিবুর রহমান বলেন, “আমাদের বাড়িতে সন্ত্রাসীরা আগুন লাগিয়ে দিয়েছে। আগুন লাগার পর আমরা যে যার মতো দরজা ভেঙে বের হয়েছি। কিছুই নেই। সব শেষ হয়ে গেছে। কিছু প্রয়োজনীয় কাগজপত্র, সার্টিফিকেট, নগদ টাকা ও স্বর্ণালংকারও পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের পুড়িয়ে মারার জন্যই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা বিচার চাই।”
নুরুজ্জামান কাফি বলেন, “সম্প্রতি ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের সময় আমি সেখানে লাইভে ছিলাম, স্লোগান দেই। এ ঘটনার কারণে আজ আমার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ছাত্র-জনতার বিপ্লবের বিজয়েরর পর নতুন সরকার দেশ পরিচালনা করছে। সেনাবাহিনী মাঠে রয়েছে। সে অবস্থায় আমার পরিবারের ৬ সদস্যকে অবরুদ্ধ করে আগুন লাগিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। আমি সরকারের কাছে ৭২ ঘণ্টার মধ্যে আপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
কাফির প্রতিবেশী ওয়ালি উল্লাহ ইমরান বলেন, “আমরা বাড়িটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে খবর দেই। তাদের সঙ্গে আমরাও আগুন নেভানোর কাজ করি। এটা সম্পূর্ণ পরিকল্পিত। কারণ বাইরে থেকে দরজার ছিটকানি লাগানো ছিল।”
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, “রজপাড়া এলাকার আগুনের ঘটনা নিয়ে আমাদের তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
