চট্টগ্রামের আনোয়ারায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে আবু তালেব (৫৫) নামের ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. সিফাত (২৮) নামে আরো এক যুবক।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টায় আনোয়ারা-চন্দনাইশ সড়কের আনোয়ারা থানার মোড় আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করেছে আনোয়ারা থানা পুলিশ।
নিহত আবু তালেব চট্টগ্রামের চন্দনাইশের কেশুয়া এলাকার মৃত আলী বক্সুর প্রথম ছেলে।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী মিঠুন কুমার দত্ত বলেন, ভোর ৬টার দিকে চাকরিতে যাওয়ার সময় উপজেলার আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম শহরমুখী পণ্যবাহী ট্রাকটি একটি সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলে ২জন আহত হয়। দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া যায়, পরে একজনকে আমিসহ চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রায়হান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সকালে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন আহত ব্যক্তি আসেন, এরমধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হস্তান্তর করা হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘সকালে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকটি পণ্য নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলো। এ সময় সংঘর্ষে একজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান।’
