চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৬৮.৪৫। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ফল প্রকাশ করা হয়।
এবার ঢাকা শিক্ষা বোর্ড পাসের হার ৬৭.৫১, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৭২.০৭, রাজশাহী শিক্ষা বোর্ডে ৭৭.৬৩, যশোর শিক্ষা বোর্ড ৭৭.৬৯, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৬৩. ৬০, সিলেট শিক্ষা বোর্ডে ৬৮.৫৭, বরিশাল শিক্ষা বোর্ডে ৫৬.৩৮, দিনাজপুর শিক্ষা বোর্ডে ৬৭.০৩, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৫৮.২২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৬৮.০৯ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৭৭.৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
গত বছরের চেয়ে এবার পাসের হার কমেছে ১৪.৫৯ শতাংশ। গত বছর এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ। ছাত্রীদের পাসের হার ছিল ৮৪ দশমিক ৪৭ শতাংশ, ছাত্রদের পাসের হার ছিল ৮১ দশমিক ৫৭ শতাংশ।
এবার ফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে। গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮.৪৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।
অন্যান্য বছরের মতো এবার ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি। তবে, সার্বিক বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে মতবিনিময় সভায় কথা বলেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল।
