রাঙ্গামাটির বাঘাইছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-এর (ইউপিডিএফ) আস্তানায় অভিযান চালিয়ে সাবমেশিনগানসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনী ও ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) সদস্যদের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
নিরাপত্তা বাহিনীর সূত্র আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা ও সেকেন্ড ইন কমান্ড মেজর ফয়সাল আমির মোহম্মদ তারেক-এর নেতৃত্বে মঙ্গলবার (২৯ জুলাই/২৫) ভোর সাড়ে ৪ টার দিকে খাগড়াছড়ি রিজিয়ন, বাঘাইছড়ি উপজেলার নরেন্দ্র কারবারী পাড়া এলাকায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের আস্তানায় অভিযান পরিচালনা করে।
অভিযানে সেনাবাহিনীর সদস্যরা এলাকাটি অবরোধ করে তল্লাশি শুরু করলে, সেনা সদস্যের উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের (প্রসীত গ্রুপের) সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
পরে সেনা সদস্যরা তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ১টি সাবমেশিনগান, ৩টি দেশিয় তৈরি বন্দুক, ১টি এলজি, ১টি সাব মেশিনগানের ম্যাগাজিন, ১টি পোচ, ৭ রাউন্ড এ্যামোনিশন, ১৭টি খালি খোসা, ২৫টি বিভিন্ন লটের এসএমজির খালি খোসা, ২টি কার্তুজ, ৪টি ওয়াকিটকি, ১টি মটরোলা সেট, ৪টি ওয়াকিটকি চার্জার, ২টি ক্যামেরা, ১টি স্পাই ক্যামেরা সানগ্লাস , ১টি স্পাই ক্যামেরা ডিভাইস চার্জার, ৩টি পেন ড্রাইভ, ৪টি ইউপিডিএফ সংগঠনের পতাকা, ৫টি ইউপিডিএফ সংগঠনের আর্মবেন্ড এবং ১২টি বিভিন্ন প্রকারের বই উদ্ধার করে।
অপরদিকে, বাঘাইছড়িতে অস্ত্র উদ্ধার একটি সাজানো নাটক বলে দাবি করে ইউপিডিএফ এর মুখপাত্র অংগ্য মারমা সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, ইউপিডিএফের ভাবমূর্তি ক্ষুন্ন করতে ও চলমান ধর্ষণবিরোধী ছাত্র-গণ আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে, গুলি বিনিময়ের পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে আইএসপিআর যে দাবি করেছে তা সম্পূর্ণ ভূয়া, সাজানো ও ইউপিডিএফকে মিথ্যাভাবে ফাঁসানোর ষড়যন্ত্র, সাজেকে ইউপিডিএফের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর গুলি বিনিময় কিংবা অস্ত্র উদ্ধারের কোন ঘটনা ঘটেনি।
এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সাজেকের উজোবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম, বাঘাইছড়ি উপজেলা শাখা।
হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক পরানী চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা সভাপতি জ্যোতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার অর্থ সম্পাদক অনুপম চাকমা, সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বাবুধন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনে বাঘাইছড়ি উপজেলা সভাপতি সুখী চাকমা প্রমুখ।
সমাবেশে বক্তাগন বলেন, সেনাবাহিনী কর্তৃক ভুয়া অস্ত্র উদ্ধারের ঘটনায় ঘৃণা ও তীব্র প্রতিবাদ ও সাজেকের নরেন পাড়ায় মিথ্যা অস্ত্র উদ্ধার নাটকের সুষ্ঠু তদন্তের দাবি জানাই এবং মিথ্যা সংবাদ প্রচার না করে সত্য ঘটনা তুলে ধরতে দেশের সাংবাদিক ও সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানাই।
