চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণকেই ক্ষমতার উৎস হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। খালেদা জিয়া শিক্ষা খাতে যুগান্তকারী পরিবর্তন এনে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ও বিনামূল্যে করেছিলেন, মেয়েদের জন্য বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করেন এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি ও ‘শিক্ষার জন্য খাদ্য’ কর্মসূচি চালু করে অগ্রগতি নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন—আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের প্রতিটি নাগরিকের খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি পরিবারকে খাদ্য নিরাপত্তার আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যা পরিবারের মা বা গৃহিণীর নামে প্রদান করা হবে। এছাড়া যুবকদের চাকরির ব্যবস্থা না হওয়া পর্যন্ত বেকার ভাতা প্রদান করা হবে এবং কর্মমুখী শিক্ষার প্রসার ঘটানো হবে।
গত শনিবার (৩০ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ৮নং দক্ষিণ শুলকবহর আল-মাদানী রোডের দি চাইল্ড গার্ডেন টিউটোরিয়াল স্কুল মাঠে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং শুলকবহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজী চিশতী চৌধুরী এবং সঞ্চালনা করেন মোহাম্মদ বেলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।
প্রধান বক্তা ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে। গত ১৫ বছরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি অংশগ্রহণ করবে এবং রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগেই মানুষের কল্যাণে কাজ শুরু করবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেল, সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন জিসান, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি, সদস্য সচিব নুরুল কবির পলাশসহ স্থানীয় শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
