পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র চক্রের বিরুদ্ধে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে থানচি ও আলীকদম থেকে ৬ পাহাড়ি উপজাতি সন্ত্রাসী আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে অস্ত্র, গুলি, বিস্ফোরক ও যোগাযোগ সরঞ্জাম।
গত ১৮ অক্টোবর থানচি উপজেলার বলিপাড়া এলাকায় বিজিবির টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়াইবার ত্রিপুরাকে আটক করে। তার তথ্য অনুযায়ী রেমাক্রি ইউনিয়নের লিক্রি এলাকায় সেনা-বিজিবি যৌথ অভিযানে আটক করা হয় তার সহযোগী রোহান ম্রোকে। তার বাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয়—১টি পিস্তল,২টি গাদা বন্দুক,১টি হ্যান্ড গ্রেনেড,১টি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি,মর্টার গোলার খালি বাক্সসহ বিভিন্ন সামগ্রী
শনিবার (১৯ অক্টোবর) সকালে আলীকদম উপজেলার আগলা পাড়ায় সেনাবাহিনীর আরেকটি দল অভিযান চালায়। মেনশন ম্রোর বাড়ি ঘেরাও করলে সশস্ত্র ব্যক্তিরা পালিয়ে যায়। তবে এলাকা থেকে সন্দেহভাজন ৪ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয়—২৮ রাউন্ড এমজি বল অ্যামুনিশন,২টি ওয়াকিটকি,৪টি ওয়াকিটকি চার্জারসহ অন্যান্য সরঞ্জাম।
সেনাবাহিনী ও বিজিবি জানিয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
