সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পেশাদার গাড়িচালকদের জন্য রিফ্রেশার্স প্রশিক্ষণ আয়োজন করেছে বিআরটিএ, চট্টগ্রাম। রবিবার (২৬ অক্টোবর ২০২৫) ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মোট ২৮৪ জন পেশাদার চালক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, নিরাপদ সড়কের গুরুত্ব, ট্রাফিক আইন ও সড়ক পরিবহন আইন-২০১৮, সড়ক চিহ্ন, সিগন্যাল, মোটরযানের যন্ত্রাংশ, কুয়াশায় গাড়ি চালানোর সতর্কতা, শব্দদূষণ নিয়ন্ত্রণ, চালকদের শিষ্টাচার, স্বাস্থ্যবিধি ও নৈতিকতা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশিক্ষণার্থীদের মাঝে লিফলেট ও ব্রোশিয়ারও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রইস উদ্দিন, বিআরটিএ চট্টগ্রামের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) কাজী মো. মাহবুব কবিরসহ বিআরটিএ’র কর্মকর্তারা।

বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, প্রতি সপ্তাহের রবিবার ও বৃহস্পতিবার এ রিফ্রেশার্স প্রশিক্ষণ নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রত্যেককে ৩০০ টাকা সম্মানী ও দুপুরের খাবার প্রদান করা হয়।
