চলতি বছরের গত ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির রামসু বাজার এলাকায় ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে তিন পাহাড়ি যুবক নিহত হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পার্বত্য অঞ্চলের দুর্গম যেসব এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প নেই সেসব এলাকায় দীর্ঘমেয়াদি অভিযানের পরিকল্পনা করা হয়।
সোমবার (২৭ অক্টোবর) রাত ৯টা ৫মিনিটে বাংলাদেশ আর্মির ভেরিফায়েড পেজে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের প্রস্তুতি হিসেবে গোয়েন্দা তথ্য বিশ্লেষণে জানা যায়, বিগত ২৮ সেপ্টেম্বর ইউপিডিএফের সশস্ত্র ক্যাডার সদস্যরা খাগড়াছড়ির দুর্গম বর্মাছড়ি এলাকার বিভিন্ন পাড়া থেকে এসে রামসু বাজার এলাকায় সেনাবাহিনী এবং সাধারণ জনগণের ওপর স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায়। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য অঞ্চলের অন্যান্য এলাকার ন্যায় খাগড়াছড়ির বর্মাছড়ি এলাকায় গত ১৮ অক্টোবর থেকে সেনাবাহিনী অভিযান পরিচালনা শুরু করে। অভিযানের অংশ হিসাবে সেনাবাহিনীর টহল দল মূল ক্যাম্প হতে দূরবর্তী স্থানে অস্থায়ী পেট্রোল বেস স্থাপন করে বর্মাছড়ি এলাকা হতে ইউপিডিএফের সশস্ত্র দলসমূহকে নির্মূল করার জন্য প্রয়োজনীয় আভিযানিক কার্যক্রম শুরু করে।
আইএসপিআর জানায়, বর্মাছড়িতে সেনা অভিযান চলাকালে সেনা টহল দল একটি খালি জঙ্গলাকীর্ণ এলাকায় অস্থায়ী পেট্রোল বেস স্থাপন করে, যা কিনা বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলের খিরাম অংশের জমির অন্তর্ভুক্ত এবং বর্মাছড়ি আর্য কল্যাণ বিহার থেকে ৫০০ মিটার পশ্চিম দিকে অবস্থিত।
বর্মাছড়িতে সেনাবাহিনীর উপস্থিতি এবং অভিযানের কারণে ইউপিডিএফের সশস্ত্র ক্যাডারগুলো পাড়া থেকে দ্রুত সরে গিয়ে দুর্গম কালাপাহাড় এলাকায় এবং পার্বত্য অঞ্চলের বাইরে ফটিকছড়ির দুর্গম অঞ্চলে অবস্থান নেয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দীর্ঘমেয়াদি সেনা অভিযানের কারণে খাগড়াছড়িতে আগামী মাসগুলোতে ইউপিডিএফের চাঁদা আদায় কার্যক্রম এবং নাশকতামূলক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার আশঙ্কায় তারা জনগণের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে অস্থায়ী সেনা পেট্রোল বেস স্থাপনের বিরুদ্ধে চিরাচরিত কৌশল হিসেবে এলাকার জনগণ, নারী এবং শিশুদের জোরপূর্বক জমায়েত করে আন্দোলন শুরু করে। বন বিভাগের সংরক্ষিত জমিতে স্থাপিত অস্থায়ী পেট্রোল বেসের স্থানটিকে বর্মাছড়ি আর্য কল্যাণ বিহারের অংশ হিসেবে দাবি করে একইসঙ্গে তারা দেশ এবং বিদেশ থেকে ব্যাপক অনলাইন প্রপাগান্ডা এবং পার্বত্য অঞ্চলে যেখানে ইউপিডিএফের আধিপত্য আছে এমনসব এলাকায় পোস্টার লাগিয়ে পাহাড়ি জনগণকে উত্তেজিত করে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে। এরই ধারাবাহিকতায় ইউপিডিএফের নেতৃত্বে ২৪ অক্টোবর বর্মাছড়ি অস্থায়ী পেট্রোল বেসের কাছে আনুমানিক ১০০০ জন নারী, শিশু ও পুরুষকে জমায়েত করে এবং সেনা সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে।
তারা বর্মাছড়িতে স্থাপিত অস্থায়ী পেট্রোল বেস আর্য কল্যাণ বিহারের অন্তর্ভুক্ত বলে দাবি করে এবং সেনাবাহিনী বরাবর স্মারকলিপি প্রদান করে। কিন্তু তাদের দাবির সপক্ষে কোনো প্রকার প্রমাণাদি উপস্থাপনে ব্যর্থ হয়।
