পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড়ে দুর্বৃত্তের গুলিতে খুন হলেন যুবলীগ নেতা খালেকুজ্জামান মানিক (৩৬)।
জানা যায়, জামিনে বের হওয়ার তিন-চারদিনের মধ্যে সোমবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে পাবনা- কুষ্টিয়া মহাসড়কে রূপপুর মোড় সংলগ্ন পাটোয়ারি মার্কেটের সামনে তাকে (যুবলীগ কর্মী) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৭ জুন ঈশ্বরদীতে পদ্মা নদীর অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে পাকশী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী তাফসির আহমেদ মনা খুন হন। সেই মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ কর্মী মানিক। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর জেলহাজতেই ছিলেন মানিক। তিন-চারদিন আগে জামিনে বাড়িতে এসেছিলেন মানিক। সোমবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন তিনি। এসময় কয়েকটি মোটরসাইকেলে করে অচেনা আট-১০ জন সেখানে এসে মানিককে লক্ষ্য করে পরপর চারটি গুলি ছোড়েন। এতে মানিক মাটিতে লুটিয়ে পড়লে রামদা’ ও চাপাতি দিয়ে মানিককে এলোপাতাড়ি কোপাতে থাকেন তারা। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যান। এসময় ঘটনাস্থলেই মানিকের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, ধারণা করছি, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। মানিকের শরীরে কয়েকটি গুলির এবং মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
নিহত যুবলীগ কর্মী মানিক ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামের লন্ড্রির দোকানদার ইউনুছ আলীর ছেলে। তিনি যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।
