back to top

[the_ad id="407"]

নিয়ন্ত্রণ হারিয়ে মইজ্জ্যারটেক টোলপ্লাজায় বাসের আঘাত

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী তিশা ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মইজ্জ্যারটেক টোলপ্লাজার ডিভাইডার ভেঙে আইল্যান্ডে আঘাত করে। এতে ডিভাইডার ক্ষতিগ্রস্ত হয় এবং লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) গভীর রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে টোলপ্লাজার ইজারাদার প্রতিষ্ঠান সেল-ভ্যান জেভি’র প্রজেক্ট ম্যানেজার সুমন ঘোষ জানান, “চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজায় আঘাত করে। আল্লাহর রহমতে টোল প্লাজার কর্মচারী এবং বাসের সব যাত্রী অক্ষত আছেন। তবে বাসের সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে গেছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, ড্রাইভারের চোখে ঘুমের ঝাপসা ছিল অথবা বাসের ব্রেক ফেল করেছিল। ঘটনার পর ড্রাইভার ও হেলপার পলাতক। দুর্ঘটনার কারণে সাময়িকভাবে টোলপ্লাজার ৫ নম্বর লেন বন্ধ রয়েছে।”

টোলপ্লাজার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাসটি মইজ্জ্যারটেক টোলপ্লাজার ৪ ও ৫ নম্বর লেনের মাঝের আইল্যান্ডে উঠে যায়।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “তিশা ট্রাভেলসের একটি বাস টোলপ্লাজার আইল্যান্ডে আঘাত করেছে বলে জানতে পেরেছি। হতাহতের কোনো খবর নেই, তবে ভাঙচুর হয়েছে।”

দুর্ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও বাসটির সামনের অংশ এবং টোলপ্লাজার অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme