লংগদু উপজেলায় কোনো আনুষ্ঠানিক সভা বা কর্মসূচি ছাড়াই সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যুব রেডক্রিসেন্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) যুব রেডক্রিসেন্টের নতুন কমিটি সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রেস বিজ্ঞপ্তিতে দেলোয়ার হোসেন তানভীর (যুব প্রধান), মোঃ মাইনুল ইসলাম পলাশ (ইউনিট লেভেল অফিসার) এবং মোঃ সাইফুল ইসলাম সাকিল (সেক্রেটারি), বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি জেলা ইউনিট তাদের স্বাক্ষরে নবগঠিত এ কমিটির তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার যুব সমাজকে মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, দুর্যোগ মোকাবিলা, রক্তদান কর্মসূচি জোরদার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নাম উল্লেখ করা হয়েছে। কমিটির সদস্যরা সংগঠনের আদর্শ ও নীতিমালা অনুসরণ করে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে লংগদু উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করা হবে।
তবে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটি দ্রুত মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করবে এবং মানবিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
