ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ১০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও অনেক কার্ডধারী পেয়েছেন মাত্র ৮ থেকে ৯ কেজি। এতে প্রায় ১২০০ কেজি চাল কম বিতরণ হয়েছে বলে স্থানীয়দের দাবি।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদে সরেজমিনে গিয়ে দেখা যায়, চাল বিতরণের সময় সেখানে ইউপি প্রশাসক বা ট্যাগ অফিসারের উপস্থিতি ছিল না। অভিযোগ যাচাই করতে প্রশাসনিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম ওজন মেশিন চাইলে ইউনিয়ন পরিষদে কোনো মিটার পাওয়া যায়নি। পরে ইউনিয়ন পরিষদের সামনে একটি মুদির দোকানে তিনজন ভুক্তভোগীর চাল ওজন করে দেখা যায়।একজন পেয়েছেন সাড়ে ৮ কেজি।একজন পেয়েছেন ৯ কেজি। আরেকজন পেয়েছেন ৯ কেজি ১০০ গ্রাম।
জানা গেছে, ইউনিয়নের ২ হাজার ৪৪৬ জন কার্ডধারী প্রত্যেকে ১০ কেজি করে চাল পাওয়ার কথা। এর মধ্যে ওইদিন প্রায় ১ হাজার ২০০ জনকে চাল বিতরণ করা হয়। কিন্তু গড়ে প্রতি কার্ডে প্রায় ১ কেজি করে কম দেওয়ায় প্রায় ১ হাজার ২০০ কেজি চাল কম বিতরণ হয়েছে বলে অভিযোগ উঠেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি প্রশাসক ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। তিনি বলেন, “ইউনিয়ন পরিষদের ভেতরেই মিটার রয়েছে। আমরা ওজন করেই চাল বিতরণ করেছি।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ তাকী তাজওয়ার বলেন,এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
