ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়ন পলাশতলী গ্রামে বিষধর সাপের কামড়ে কওমি মাদরাসার শিক্ষাথী শিফা আক্তার (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। শিফা আক্তার দড়িপাড়া এলাকার রিয়াজ উদ্দিনের মেয়ে।
নিহতের জেঠাতো ভাই শাকিল জানান, সকাল ১১টার দিকে ফ্রিজের ওপর থেকে খেজুর আনতে গেলে শিফার পায়ে কিছু একটা কামড়ে দেয় প্রথমে আমলে নেয়নি শিফা । পরবর্তীতে সে খাওয়া দাওয়া করে মাদ্রাসায় চলে যায়, বিকেলে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মুখ দিয়ে লালা বের হতে শুরু করে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা আ. বারেক বলেন, শিফা জানিয়েছিল ফ্রিজের ওপর থেকে খেজুর আনতে গিয়ে তাকে সাপে কামড় দিয়েছে। পরে পরিবারের সদস্যরা ফ্রিজ সরিয়ে মাটির গর্তে একটি বিষধর সাপ লুকিয়ে থাকতে দেখেন। পরে গর্ত খুঁড়ে সাপটি মেরে ফেলা হয়েছে।
