অপপ্রচার, কুরুচিপূর্ণ বক্তব্য ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটির লংগদু উপজেলা যুবদল।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে লংগদু উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলা মাইনীমুখ বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি যুবদলের আহ্বায়ক মোঃ জানে আলম ও সদস্য সচিব সৈয়দ ইউনূসের নেতৃত্বে উপজেলার মাইনীমুখ বাজারে প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন (চেয়ারম্যান)।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোঃ তোফাজ্জল হোসেন (চেয়ারম্যান) বলেন, “রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, তবে অপপ্রচার, কুরুচিপূর্ণ বক্তব্য ও শিষ্টাচারবহির্ভূত আচরণের কোনো স্থান নেই। সুস্থ রাজনৈতিক চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সকল নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা নয়, জনগণের কল্যাণে কাজ করাই হওয়া উচিত সকলের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “অপপ্রচার ও মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা কখনো সফল হবে না। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বিএনপির নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”
সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে অপপ্রচার, মিথ্যাচার ও ব্যক্তিগত আক্রমণের সংস্কৃতি গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকিস্বরূপ। তারা সুস্থ ও ইতিবাচক রাজনৈতিক চর্চার ওপর গুরুত্বারোপ করে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা সকলের দায়িত্ব।
প্রতিবাদ মিছিল ও সমাবেশে লংগদু উপজেলা যুবদলের নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
