বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন, পর্নোগ্রাফি তৈরি এবং মানসিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানা পুলিশ।
গতকাল (২৫ জুন, ২০২৬) সদরঘাট থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম তৌসিফ আহমেদ (২২)। তিনি সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ী টং ফকির মাজার লেইন এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মুহাম্মদ শরীফ এর নেতৃত্বে এসআই (নিঃ) নুর উদ্দিন ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
গত ২৪ জুন, ২০২৬ তারিখে সদরঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (২০০০)-এর ৯(খ) ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন (২০১২)-এর ৮(১)/৮(২) ধারায় আসামির বিরুদ্ধে একটি মামলা (এফআইআর নং-৩) দায়ের করা হয়েছিল।
গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে আসামি তৌসিফ আহমেদকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
