দীর্ঘ দুই দশকের পদোন্নতি জটের অবসান ঘটল চট্টগ্রাম ওয়াসায়। বৈষম্য দূর করে প্রতিষ্ঠানটির মোট ২৪২ জন কর্মকর্তা ও কর্মচারীকে পদোন্নতি দেওয়া হয়েছে। নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সেলিম মোঃ জানে আলমের দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মাথায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হলো। এই বিশাল পদোন্নতির খবরে চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের মাঝে যেন ঈদের আমেজ বিরাজ করছে।
ওয়াসা সূত্রে জানা গেছে, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৩২ জন কর্মকর্তা এবং ২১০ জন কর্মচারী রয়েছেন। কর্মকর্তাদের মধ্যে নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপসচিব ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা রয়েছেন। অন্যদিকে কর্মচারীদের মধ্যে মিটার পরিদর্শক ও পাম্প অপারেটরসহ বিভিন্ন ক্যাটাগরির স্টাফ আছেন।
দীর্ঘদিন বঞ্চনার শিকার হয়ে অবসরে যাওয়ার ঠিক আগের দিন সহকারী সচিব পদে পদোন্নতির চিঠি হাতে পেয়েছেন কর্মকর্তা শহিদুল আলম। এক আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি সাবেক এমডি এ কে এম ফজলুল্লাহর আমলের বৈষম্যের কথা উল্লেখ করে বলেন,
”অবসরে যাওয়ার মাত্র একদিন আগে ওয়াসা কর্তৃপক্ষ আমাকে এই সম্মানটুকু দিল। নতুন এমডিসহ যারা এই মানবিক উদ্যোগের পেছনে ছিলেন, সবার জন্য আমি মন থেকে দোয়া করি।”
এদিকে দীর্ঘদিন পর অধিকার ফিরে পাওয়ায় চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়নের পক্ষ থেকে নতুন এমডিকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়। সংগঠনের নেতৃবৃন্দ এই মানবিক ও সাহসী পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম বলেন,
”প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আন্তরিকতা ও সততার সাথে পালন করা আমার কর্তব্য। দীর্ঘ বছর ধরে বৈষম্যের শিকার কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি হওয়ায় এবং তাদের মুখে হাসি ফুটায় আমি নিজেও অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”
