নেত্রকোনার মোহনগঞ্জে বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে কথা-কাটাকাটির জেরে সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ ওঠার তিন দিন পর বিদ্যুৎ পেয়েছেন গ্রাহক স্বপন মিয়া। রোববার (৮ নভেম্বর) দুপুরে তাঁর বাড়িতে বিদ্যুৎ-সংযোগ পুনঃস্থাপন করে পল্লী বিদ্যুৎ সমিতি।
স্বপন মিয়ার স্ত্রী আসমা আক্তার জানান, বেলা আড়াইটার দিকে সংযোগ বিচ্ছিন্ন করতে আসা দুই কর্মীসহ মোট তিনজন তাঁদের বাড়িতে গিয়ে মিটারে তার সংযুক্ত করে বিদ্যুৎ চালু করেন। সংযোগ দেওয়ার আগে একটি সাদা কাগজে তাঁর স্বাক্ষর নিতে চাওয়া হলেও তিনি তাতে রাজি হননি। পরে ওই দুই কর্মী তাঁদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেন।
এ বিষয়ে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের দায়িত্বে থাকা কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ আলম জানান, সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে রোববারই সংযোগ পুনঃস্থাপনের নির্দেশ দেওয়া হয়। গ্রাহকের সংযোগ কেন এভাবে বিচ্ছিন্ন করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের আলীপুর গ্রামে স্বপন মিয়ার বাড়ির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আসমা আক্তারের অভিযোগ, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—তিন মাসের বিল একসঙ্গে ৩ হাজার ১০০ টাকা পরিশোধের পর অক্টোবর মাসে ৮৭০ টাকা বিল আসে। এ বিলের কারণ জানতে চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দাবি, বিল দিতে গিয়ে কর্মীদের গালিগালাজ ও এক কর্মকর্তাকে হুমকি দেওয়ার কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। সংবাদ প্রকাশের পর সংযোগ পুনঃস্থাপন করা হলেও ঘটনাটি তদন্ত করছে কর্তৃপক্ষ।
