back to top

[the_ad id="407"]

শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান

ডেস্ক রিপোর্ট

চার দফা দাবি আদায়ে ঢাকার শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের সড়ক অবরোধ করেন তারা। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা।

সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সমন্বয়ক মো. সাকিব মাহমুদ বলেন, “বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংগঠিত হলেও ম্যাটস শিক্ষার্থীর দীর্ঘদিনের বৈষম্যের অবসান হয়নি। এই বৈষম্য অবসানের লক্ষ্যে গত ২২ জানুয়ারি চার দফা দাবিতে শিক্ষার্থীরা ঢাকার শাহবাগে গণজমায়েত করলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ৭ কার্যদিবসের মধ্যে দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি দেন। কিন্তু তার দৃশ্যমান কিছুই বাস্তবায়ন হয়নি। যেহেতু মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো এ ব্যাপারে আন্তরিকতার সঙ্গে কোনো ব্যবস্থা নেয়নি, তাই আমরা লং মার্চ কর্মসূচি নিয়েছি। আমাদের এই মুভমেন্টের সব দায়ভার স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে নিতে হবে, যা আগেই সংবাদ সম্মেলনের মাধ্যমে পৌঁছে দিয়েছি।”

ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সিনিয়র সমন্বয়ক হাসিবুল ইসলাম শান্ত বলেন, “এক যুগের বেশি সময় ধরে নিয়োগ বন্ধ রয়েছে, নিয়োগবিধি সংশোধনের নামে তালবাহানা চলছে। কিন্তু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে শূন্য পদ রয়েছে ২৫০০টি। এতে করে একদিকে প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে অন্য দিকে ম্যাটস্ থেকে পাসকৃত বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।”

ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ যে দাবিতে আন্দোলন করছে সেগুলো হলো—১২ বছরের বেশি সময় ধরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের শূন্যপদে বন্ধকৃত নিয়োগ অতিদ্রুত সচল করতে হবে এবং কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা দেওয়ার লক্ষ্যে উপসহকারী মেডিকেল অফিসার পদ সৃষ্টি করতে হবে, প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, কোর্সের নাম পরিবর্তনসহ ২০২১ সালের কোর্স কারিকুলামের ত্রুটি ও অসঙ্গতি সমাধান করে নতুন ইন্টার্ন লগবুক দিতে হবে, বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষা এবং প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তনসহ প্রস্তাবিত সব ধারায় সংশোধনীসহ বাস্তবায়ন করতে হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme