চট্টগ্রাম নগরীর পতেঙ্গাতে বিপুল পরিমাণ স্বর্ণ, মোবাইল, ল্যাপটপ এবং বিদেশি সিগারেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।
শুক্রবার (৪ এপ্রিল) রাতে পতেঙ্গা থানাধীন এয়ারপোর্ট মোড়ে চেকপোস্ট পরিচালনার সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পতেঙ্গা ১৫ নং ঘাট এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পাঁচজন হলেন- মোঃ তৌফিকুর রহমান সোহাগ (৩৭), মোঃ আকিদুল আলম শান্ত (২২), মোঃ হাসান মুরাদ (২৪), মোঃ নাইমুল হক (২০) এবং মোঃ মনির আহমেদ (৪৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট মোড়ে চেকপোস্ট বসিয়ে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করে ১ কেজি ১৫৭ গ্রাম স্বর্ণ, ৫টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ এবং ১৩ কাটুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, অভিযান চালিয়ে বিপুল মালামালসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।
