চট্টগ্রামে ফটিকছড়ির ভূজপুরে আপন মা এবং ভাই হত্যায় অভিযুক্ত প্রধান আসামি মো. ইয়াছিন (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর থেকে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে ভূজপুর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুল হক বলেন, ঘটনার পরপরই পুলিশ তাকে গ্রেপ্তারে চেষ্টা চালায়। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই বিক্ষুব্ধ জনতা থানায় ভিড় করে। পরে মধ্যরাতে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল সকালে উপজেলার ভূজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফকিরা বন এলাকার ভোলা গাজীর বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সে তার মা জোলেখা খাতুন (৬০) এবং ছোট ভাই মো. মাসুম (৩৫) কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা দুজনেই মারা যায়। নিহত মাসুম ও অভিযুক্ত ইয়াসিন একই এলাকার আলী আহমেদ এর ছেলে এবং নিহত জুলেখা খাতুন আলী আহমেদের স্ত্রী।
