রাঙামাটির কাপ্তাইয়ে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে মেট লাইফ ফাউন্ডেশনের সহযোগীতায় ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন করা হয়।
সোমবার (৫মে) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত থেকে ভ্রাম্যমান বইমেলার শুভ উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।
সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বিশ্বসাহিত্য কেন্দ্র কতৃক বাস্তবায়িত ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ মো. কামরুজ্জামান এর ব্যবস্থাপনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরুণ কান্তি চাকমা,উপ- প্রশাসনিক কর্মকর্তা (অফিস সুপার) মো. আলাউদ্দিন,উপ- প্রশাসনিক কর্মকর্তা কিংচিংলা মারমা।
বিশ্বসাহিত্য কেন্দ্র একটি শিক্ষা ও সংস্কৃতিধর্মী প্রতিষ্ঠান।গত ৪৬ বছর ধরে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ানোর পাশাপাশি নানাবিধ কার্যক্রমের মাধ্যমে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষের উৎকর্ষ সাধন ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের কাজে নিয়োজিত রয়েছে। সারাদেশে জ্ঞানপিপাসু মানুষের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বইগুলো নিরন্তরভাবে সহজলভ্য করার উদ্দেশ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালনায় একটি সুদৃশ্য ও সুপরিসর গাড়ির মাধ্যমে দেশের সকল জেলা ও উপজেলা সংলগ্ন বড় শহরের সুবিধাজনক স্থানে ৪ থেকে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কতিক উৎসবের আয়োজন করা হয় । মেলায় দেশি-বিদেশি বিভিন্ন লেখকের প্রায় দশ হাজার বই রয়েছে। বইমেলায় আরো থাকবে দেশী বিদেশী লেখকদের বিখ্যাত উপন্যাস, গল্পের বই, রম্য রচনা, ভ্রমন কাহিনী, কবিতার বই, প্রবন্ধের বই, নাটকের বই, জীবনীগ্রন্থ থেকে শুরু করে ধর্ম, দর্শন, বিজ্ঞান, সায়েন্স ফিকশন, ভৌতিক উপন্যাস, রূপকথা, অনুবাদ গ্রন্থ, ইতিহাস, সমাজ তত্ত্ব, স্বাস্থ্য- চিকিৎসা, রান্না ও বিয়াম বিষয়ক, কম্পিউটার, ভাষা শেখার বইসহ সব ধরনের বই।
মঙ্গলবার বিকাল ৪.৩০ এ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হবে। চিত্র অঙ্কন প্রতিযোগিতার বিষয় থাকবে ক গ্রুপ যেমন খুশি তেমন(প্লে থেকে প্রথম শ্রেণী), খ গ্রুপ গ্রামের দৃশ্য(দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণী), গ গ্রুপ বিশেষ জাতীয় দিবস /পরিবেশ ও প্রকৃতি (পঞ্চম থেকে সপ্তম শ্রেণী) ,ঘ গ্রুপ স্থানীয় ইতিহাস ঐতিহ্য ( অষ্টম থেকে উন্মুক্ত)। ঙ) আবৃতি (৮ম থেকে ১০ম শ্রেণী)।
উল্লেখ্য, দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব বাস্তবায়নের অংশ হিসেবে ০৫ মে ২০২৫ থেকে ০৭ মে ২০২৫ পর্যন্ত ৩ দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তন, কাপ্তাই এ একটি ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব আয়োজন চলবে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত দর্শক-ক্রেতাদের জন্য বইমেলা উন্মুক্ত থাকবে।
