লন্ডনে দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে আজ মঙ্গলবার (৬ মে) দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে আনুষ্ঠানিকতা শেষ করে বেলা ১১টা ২০ মিনিটে বিমানবন্দর থেকে নিজ বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।
পথে-পথে দলীয় নেতাকর্মীদের অভ্যর্থনায় সিক্ত হয়ে দুপুর ১টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছায় খালেদা জিয়াকে বহনকারী গাড়ি বহর।
বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির জানান, দুপুর ১টা ২৫ মিনিটে ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ ড. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারাও রয়েছেন।
সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন। খালেদা জিয়ার গাড়ি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তারা স্লোগান ও করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করেন। এসময় নেতাকর্মীরা ‘খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম’; ‘খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’; ‘দেশ মাটি মানুষের নেতা, খালেদা জিয়া খালেদা জিয়া’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।
নেতাকর্মীদের আবেগঘন উপস্থিতিতে পুরো বিমানবন্দর এলাকা উৎসবমুখর হয়ে উঠে। খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে গুলশানের পথে রওনা হলে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা স্লোগান দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান।
