শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক আদর্শে বিশ্বাসী সংগঠন ‘কাণ্ডারী’-এর (সাবেক তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকাস্থ শহীদ জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় চেয়ারম্যান আলমগীর নূর, সঞ্চালনা করেন মানবাধিকার নেত্রী শামসুন নাহার মুন্নী। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা এম. এ. হাশেম রাজু, প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি নাদিম চৌধুরী।
বক্তারা বলেন, শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশের দর্শন, বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের সংগ্রাম এবং তারেক রহমানের নেতৃত্বে “আগামীর অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ” গড়ার ভিশন আজও সময়োপযোগী। তাঁরা আরও বলেন, ‘কাণ্ডারী’ গত ১৮ বছর ধরে জাতীয়তাবাদী আদর্শ ও গণতান্ত্রিক চেতনা ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও দেশের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবে।
