জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।
অভিযানে খাতুনগঞ্জ এলাকার তিনটি পাইকারি ডাল বিক্রেতা প্রতিষ্ঠানে ক্ষতিকর রং মিশ্রিত নকল মুগডাল বিক্রির দায়ে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং খাদ্যদ্রব্যে ব্যবহারের জন্য নিষিদ্ধ কেমিক্যাল ‘হাইড্রোস’ ব্যবহার করে মিষ্টি তৈরির অপরাধে একটি হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
মোট পাঁচটি প্রতিষ্ঠান থেকে ২ লাখ ৪৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মোঃ আনিছুর রহমান, মাহমুদা আক্তার, এবং রানা দেবনাথ। চিত্রগ্রহণে ছিলেন মোঃ আফতাবুজ্জামান (ক্যামেরাম্যান)।
জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এমন নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
