ভোক্তার চাহিদা অনুযায়ী মানসম্মত ও রুচিসম্পন্ন খাবার পরিবেশন করতে না পারলে রেস্তোরাঁ ব্যবসায় টিকে থাকা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব শরীফুল আলম চৌধুরী।
শুক্রবার জুমার নামাজ শেষে নগরীর ষোলশহর বিপ্লব উদ্যান সংলগ্ন রাজবাড়ী রেস্টুরেন্টের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আলহাজ্ব শরীফুল আলম বলেন, “গ্রাহকই রেস্তোরাঁ শিল্পের প্রাণ। তাদের চাহিদা, স্বাস্থ্যবোধ ও স্বাদের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে না পারলে একজন উদ্যোক্তার রেস্তোরাঁ ব্যবসায় যুক্ত হওয়ার প্রয়োজন নেই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ হোসাইন, সেলিমুল ইসলাম, আব্দুর রশিদ, রফিকুল ইসলামসহ রেস্তোরাঁ মালিক সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী রেস্টুরেন্ট জানায়, দিনব্যাপী যেকোনো খাবারে ১৫% এবং নির্দিষ্ট কিছু খাবার ও আইটেমে ১০% বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন ভোজনরসিকরা। এ ছাড়াও গ্রাহকের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সেবার মান উন্নত করার প্রতিশ্রুতিও দেওয়া হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে।
