ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। প্রস্তাবিত বাজেট অবকাঠামো ও নাগরিক সেবাকে গুরুত্ব দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শেখ তাকী তাজওয়ার আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেটের মোট আকার ৩৫ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ১৩১ টাকা। পৌরসভার নিজস্ব রাজস্ব খাতে নতুন কোন করারোপ ছাড়া মোট ৬১০০২৪৭ টাকা, নিজস্ব রাজস্ব বাজেট ৭০১১০২৪৭ টাকা, উন্নয়ন খাতে ১৬৮৬৮৮৪ টাকা সহ ২৮৫৬৮৬৮৮৪ টাকার উন্নয়ন বাজেট সর্বমোট ৩৫৫৭৯৭১৩১ টাকা।
বাজেট বক্তব্যে পৌর প্রশাসক শেখ তাকী তাজওয়ার বলেন, পৌর-নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিতকল্পে স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, অবকাঠামো রাস্তা-ঘাট, ড্রেন, কালভার্ট, স্যানেটারী ল্যান্ডফিল্ড, বাসটার্মিনাল, বৃক্ষরোপন ও অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের ব্যবস্থা রাখা হয়। পৌর নাগরিকদের জীবন-যাত্রার মান উন্নয়ন ও পরিকল্পিত শহর গঠনে অনুমোদিত বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
বাজেট ঘোষণার সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ, সহকারী প্রকৌশলী প্রদীপ কুমার দেবনাথ, উপ-সহকারী প্রকৌশলী আব্দুর জব্বার, প্রধান সহকারী মোঃ আব্দুস সাত্তার, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, খাইরুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
