back to top

[the_ad id="407"]

জঙ্গল সলিমপুরের জমি নিয়ে সংবাদ সম্মেলন, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ বলল জেলা পুলিশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে জমি কেনা ও বিজিবি ক্যাম্প স্থাপন নিয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের বিরুদ্ধে হুমকির অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। মীর মো. হাসানের করা ওই অভিযোগকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে পুলিশ বলছে, জমির দলিল, দাগ ও বাস্তব দখলের মধ্যে অসংগতি রয়েছে।

জেলা পুলিশের বক্তব্য অনুযায়ী, সম্প্রতি মীর মো. হাসান ও আসিফুল ইসলাম জমিতে বিজিবির অবস্থানের কারণ জানতে এবং সহযোগিতা চাইতে পুলিশ সুপারের কার্যালয়ে যান। তাঁদের দেওয়া তথ্য ও দলিল পর্যালোচনায় জমির পরিমাণ, দলিলে উল্লেখিত দাগ এবং বাস্তব দখলের অবস্থানের মধ্যে অসংগতি পাওয়া গেছে বলে দাবি পুলিশের। এ বিষয়ে জেলা প্রশাসন ও সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পরামর্শ দেওয়া হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জঙ্গল সলিমপুর মৌজার বিএস ১৯ নম্বর খতিয়ানের ২০১, ২৩৩ ও ২৪১ নম্বর দাগে ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে। এসব দাগের কিছু জমি মো. ইয়াসিন ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে কেনেন। পরবর্তী সময়ে ওই জমির ভিত্তিতে বিভিন্ন নামজারি খতিয়ানও তৈরি হয়।

জেলা পুলিশের দাবি, এসব জমির দলিল ও নামজারির কাগজ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হলেও অনেক ক্রেতাকে বাস্তবে বিএস ২০৩ নম্বর দাগের সরকারি খাসজমিতে বসতি স্থাপনের সুযোগ দেওয়া হয়েছে। এতে দলিলে উল্লেখিত জমি ও বাস্তব দখলের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর ও ১ অক্টোবর মোট ৭৪টি দলিল সম্পাদন করা হয়। এর মধ্যে বিএস ২০১ নম্বর দাগে ৬৬টি দলিলে ২৪৬ দশমিক ৭৫ শতক, ২৩৩ নম্বর দাগে সাতটি দলিলে ২৭ শতক এবং ২৪১ নম্বর দাগে একটি দলিলে এক শতক জমির বিবরণ রয়েছে। সব মিলিয়ে দলিলগুলোতে ২৭৪ দশমিক ৭৫ শতক জমির উল্লেখ রয়েছে।

সংবাদ সম্মেলনে মীর মো. হাসান ২০১৮ সালে ২১ শতক জমি কেনার দাবি করলেও তাঁর দলিল অনুযায়ী, ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর বিএস ২০১ নম্বর দাগে এক শতক জমির দলিল রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। একইভাবে আসিফুল ইসলাম ২০১৭-১৮ সালে প্রায় ২৪ শতক জমি কেনার দাবি করলেও তাঁর নামে একই তারিখে ওই দাগে চার শতক জমির দলিল পাওয়া গেছে বলে পুলিশের বক্তব্য। তাঁদের জমির নামজারি ও বাস্তব দখল বুঝে পাওয়ার বিষয়েও অসংগতি রয়েছে বলে দাবি করা হয়েছে।

জঙ্গল সলিমপুরের ভূমি পরিস্থিতি তুলে ধরে জেলা পুলিশ জানায়, এলাকার প্রায় ৯০ শতাংশ জমি সরকারি খাসজমি। সেখানে সরকারি জমি দখল, পাহাড় কাটা, পরিবেশ ধ্বংস এবং জমি কেনাবেচার নামে প্রতারণার অভিযোগ দীর্ঘদিনের। এসব কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির পাশাপাশি ভূমি-সংক্রান্ত জটিলতায় পড়ছেন বলে পুলিশের দাবি।

পুলিশ আরও জানায়, জঙ্গল সলিমপুরে যোগাযোগব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে একযোগে ছয়টি সড়কের কাজ চলছে। সরকারি সম্পত্তি রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও এলাকার নিরাপত্তা নিশ্চিত করতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে। সাধারণ বাসিন্দাদের উচ্ছেদ বা তাঁদের বৈধ সম্পত্তির অধিকার কেড়ে নেওয়া সরকারের উদ্দেশ্য নয় বলেও জানিয়েছে জেলা পুলিশ।

এদিকে, সরকারি কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে পুলিশ। অর্থের বিনিময়ে কিছু নারীকে দিয়ে সাংবাদিকদের কাছে বিভ্রান্তিকর বক্তব্য ও কথিত ভুয়া কাগজপত্র উপস্থাপনের অভিযোগও করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে যথাযথ অনুসন্ধান করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা পুলিশ।

জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের জমির দলিল, খতিয়ান, নামজারি ও মৌজা নকশা যাচাই করার আহ্বান জানিয়েছে পুলিশ। একই সঙ্গে কোনো প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট ভূমি অফিস, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

সাংবাদিকদেরও এ ধরনের সংবেদনশীল বিষয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য, দলিল, ভূমি রেকর্ড ও বাস্তব অবস্থা যাচাই করার অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme