রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের মঞ্চে একসঙ্গে উপস্থিত হয়েছেন বিএনপি ও জামায়াতের নেতারা। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা শান্তি বিহারে আয়োজিত কঠিন চীবর দানোৎসবে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতাদের একই মঞ্চে দেখা যায়। অনুষ্ঠানের সমন্বয়ের দায়িত্বে ছিলেন বিহারের সাংগঠনিক সম্পাদক ও বার্তা বাজারের প্রধান সম্পাদক রকি বড়ুয়া।
শুক্রবার (১৩ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রকি বড়ুয়া। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক মতপার্থক্যের প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াত নেতাদের একই মঞ্চে উপস্থিতি ছিল উল্লেখযোগ্য ঘটনা।
ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর বিহার প্রাঙ্গণ
সকালে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় কঠিন চীবর দানোৎসব। প্রথম পর্বে ধর্মদেশনা দেন ভদন্ত সুমিত্র মহাথেরো ও ভদন্ত রতনানন্দ মহাথেরো। দিনব্যাপী আয়োজনে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বয়সী পুণ্যার্থী ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
ধর্মীয় সম্মানী ভাতা নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য
প্রধান অতিথির বক্তব্যে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেন, সব ধর্ম মানুষের বিশ্বাসের জায়গাকে সুদৃঢ় করে। তাই সরকার সব ধর্মের ধর্মগুরুদের সম্মানার্থে সম্মানী ভাতা চালু করেছে।
এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, শেখ মুজিব ২৫ মার্চ ভাঙা স্যুটকেস নিয়ে পালিয়েছিলেন। তাঁর উত্তরসূরিও সেই শিক্ষা পেয়েছেন। নেতাকর্মীদের ফেলে তাঁর মেয়েও পালিয়েছেন। শেখ হাসিনা এ দেশে আর আসতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয় বলে দাবি করেন প্রতিমন্ত্রী।
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী রকি বড়ুয়ার উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি মন্দিরের অবকাঠামো উন্নয়ন ও শ্মশানের জন্য অনুদানের আশ্বাস দেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্যসচিব মোহাম্মদ মোস্তফা জামান বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা আছে বলেই তাঁরা জনগণের কাছে ফিরে আসেন। ফ্যাসিস্টের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। শেখ হাসিনার মতো যেন কাউকে দেশ ছেড়ে পালিয়ে যেতে না হয়।
উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন এবং বিএনপির বৈদেশিক বিষয়ক উপকমিটি ও কেন্দ্রীয় বিএনপির গবেষণা ও মনিটরিং টিমের সদস্য ড. আমিরুল ইসলাম।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বৌদ্ধ ধর্মীয় গুরু, বিহার পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতাদের একই মঞ্চে উপস্থিতি লোহাগাড়ায় রাজনৈতিক সৌহার্দ্য ও ধর্মীয় সম্প্রীতি নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
