চাঁদা দাবির অভিযোগ ও আতঙ্কের কারণে রাঙামাটির কাপ্তাইয়ের আপস্ট্রিম জেটিঘাট সাপ্তাহিক হাটে আসেননি পাহাড়ি কৃষক ও ব্যবসায়ীদের অনেকে। এতে শনিবার (২১ নভেম্বর) বাজারটি অনেকটা জনশূন্য হয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় কোটি টাকার বেচাকেনা ব্যাহত হয়েছে।
কাপ্তাইয়ের ৪ নম্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে প্রতি শনিবার বসে পাহাড়ি-বাঙালি নামে পরিচিত এ সাপ্তাহিক হাট। এতে পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের কৃষক ও ব্যবসায়ীরা নিজেদের বাগানের উৎপাদিত ফলমূল, কাঁচামালসহ বিভিন্ন পণ্য নিয়ে কেনাবেচা করেন। স্থানীয়দের ভাষ্য, স্বাভাবিক সময়ে এ হাটে প্রায় কোটি টাকার লেনদেন হয়।
ইজারাদার ও ব্যবসায়ীদের অভিযোগ, গত ১৫ থেকে ২০ দিন ধরে পাহাড়ের একটি সংগঠন হাটের ইজারাদারের কাছে চাঁদা দাবি করে আসছে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ওই সংগঠনের বাধা ও নিষেধের কারণে পাহাড়ি কৃষক ও ব্যবসায়ীরা হাটে আসা বন্ধ রেখেছেন।
শনিবারের হাটে চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও রাউজান থেকে বিভিন্ন পণ্য নিয়ে ব্যবসায়ীরা এলেও বিলাইছড়ি, ফারুয়া, রাঙামাটি সদরসহ কাপ্তাইয়ের আশপাশের এলাকা থেকে পাহাড়ি কৃষক ও ব্যবসায়ীদের উপস্থিতি ছিল না বললেই চলে। এতে উভয় সম্প্রদায়ের ব্যবসায়ী ও কৃষকের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
রাউজান থেকে ফুলকপি, কাঁচামরিচ ও মুলা নিয়ে আসা ব্যবসায়ী জমির বলেন, তিনি শুনেছেন, পাহাড়ি সংগঠন জেএসএস কাপ্তাইয়ের ইজারাদার ও ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছে। দাবিকৃত টাকা না দেওয়ায় ভয়ে পাহাড়ি ব্যবসায়ীরা বাজারে আসেননি।
নাম প্রকাশ না করার শর্তে জেটিঘাটের এক ইজারাদারও জেএসএসের লোকজনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেন। তিনি বলেন, দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানানোয় পাহাড়ি কৃষক ও ব্যবসায়ীরা ফলমূলসহ বিভিন্ন পণ্য নিয়ে বাজারে আসছেন না। এতে উভয় পক্ষের বড় ধরনের আর্থিক ক্ষতি হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে জেএসএসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
[the_ad id="407"]
চাঁদা দাবির অভিযোগে কাপ্তাইয়ের সাপ্তাহিক হাট ক্রেতাশূন্য
নিজস্ব প্রতিবেদক
