চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় একটি পিকআপ ভ্যান উল্টে শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন শিশুটির মা-বাবাসহ আরও সাতজন।
শনিবার (২৬ এপ্রিল)সকাল আনুমানিক ৬ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া ইউনিয়নের চৌধুরী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম জাকিয়া ইসলাম (৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা জামাল উদ্দিন (৩৮), মা লাইজু বেগম (৩০), ভাই মো. ফয়সাল (১৪), নানি সেলিনা বেগম (৬০), খালা রিমা আক্তার (২৮) ও খালাতো বোন সুমাইয়া আক্তার (৫) ও গাড়ির চালক মো. রায়হান (২৪)।
নিহত শিশুর বাবা জামাল উদ্দিন নোয়াখালী জেলার লক্ষ্মীপুর ভবানীগঞ্জ এলাকার বাসিন্দা।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নোয়াখালী লক্ষীপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী একটি পিকআপ ভ্যান আসবাবপত্র ও মালামাল বোঝায়কৃত পিকআপ ভ্যান উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া ইউনিটেক্স স্পিনিং মিল এলাকা অতিক্রম করছিল। এ সময় পেছন থেকে একটি বাস তাকে চাপা দিয়ে চলে গেলে গাড়িটি সড়কে উল্টে যায়। এ সময় শিশু জাকিয়া ইসলাম ঘটনাস্থলে মারা যায়।
এদিকে ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ৮ জনকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
