বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ে অভিযান চালিয়ে দুই দালালকে ভিন্ন ভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় বায়েজিদ লিংক রোড ও ক্যান্টনমেন্ট সংলগ্ন মোড়ে অভিযান চালিয়ে আইন লঙ্ঘনের দায়ে ১১টি মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিআরটিএ চট্ট মেট্রো-২ ও জেলা সার্কেল কার্যালয়ে বিআরটিএ-এর ভ্রাম্যমাণ আদালত-১২ এই অভিযান পরিচালনা করে।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— হাটহাজারী উপজেলার মোহাম্মদ হাসান (৪৫) ও নোয়াখালীর হাতিয়া উপজেলার মোহাম্মদ ইমরান (৪৭)। বিআরটিএ কম্পাউন্ডে দালালির অপরাধে হাসানকে ২৫ দিন এবং ইমরানকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা জানান, বিআরটিএ কার্যালয়ে সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধে দালাল বিরোধী এ অভিযান চালানো হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে ১১টি মামলা দায়েরসহ বায়েজিদ লিংক রোড থেকে একটি পিকআপ জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
