আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, বোমাবাজি করে জনগণের নির্বাচিত সরকারের কোনো ক্ষতি করা যাবে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে আয়োজিত সমাবেশে তিনি বলেন, পরাজিত ও পলাতক অপশক্তি দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। পটকাবাজি ও পেট্রোল বোমার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণকে সাময়িকভাবে বিভ্রান্ত করা গেলেও তারা জনগণের কাছে আরও বেশি প্রত্যাখ্যাত হবে।
আবু সুফিয়ান আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের জনগণ স্বৈরাচারকে বিদায় জানিয়েছে। যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা আবার বোমাবাজি ও নাশকতার মাধ্যমে ফিরে আসার স্বপ্ন দেখছে। তবে দেশে ফিরলে তাদের প্রচলিত আইনের মুখোমুখি হতে হবে।
তিনি বলেন, অতীতে অন্যায়, অত্যাচার, হত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িতরা এখনো নিজেদের ভুল স্বীকার করেনি কিংবা জনগণের কাছে ক্ষমা চায়নি। বরং আবারও সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে এবং সদস্যসচিব সাব্বির আহমেদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াসিন চৌধুরী লিটন ও কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন।
এ সময় বিএনপি নেতা নুর আহমেদ পিন্টু, পিয়াল, মহানগর যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন, ওয়ার্ড বিএনপি নেতা জামাল, মাহমুদ আলী, আব্বাস উদ্দিন, তোফাজ্জল হোসেন মানিকসহ বিএনপি, যুবদল ও শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
