back to top

[the_ad id="407"]

আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে চুয়েটের সাফল্য, প্রথম ও অষ্টম দুই শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

১৭তম আন্ডারগ্র্যাজুয়েট গণিত অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্বে প্রথম ও অষ্টম স্থান অর্জন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী। প্রথম হয়েছেন বস্তু ও ধাতব কৌশল (এমএমই) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াজ কুরুনি জিহাদ। অষ্টম স্থান অর্জন করেছেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান।

বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামসহ দেশের আটটি অঞ্চলে একযোগে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আঞ্চলিক পর্বে চট্টগ্রাম অঞ্চলের ২০টি বিশ্ববিদ্যালয়ের ১২৬ জন প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্য থেকে ১০ জনকে বিজয়ী নির্বাচন করা হয়।

বিজয়ীদের মধ্যে চুয়েটের দুই শিক্ষার্থী ছাড়াও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারজন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের একজন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী রয়েছেন।

প্রথম স্থান অর্জনকারী ওয়াজ কুরুনি জিহাদ বলেন, গণিত নিয়ে কাজ করার ইচ্ছা আগে থেকেই ছিল। এ সাফল্যের পেছনে শিক্ষক ও বন্ধুদের অবদান রয়েছে। পরবর্তী ধাপের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন জানিয়ে তিনি বলেন, ফলাফলের চেয়ে নতুন কিছু শেখাই তার মূল লক্ষ্য।

অষ্টম স্থান অর্জনকারী ইসরাত জাহান বলেন, প্রথমবারের মতো এমন প্রতিযোগিতায় অংশ নিয়ে অষ্টম স্থান অর্জন করবেন, তা ভাবেননি। এ ফলাফল তাকে আরও আত্মবিশ্বাসী করেছে এবং ভবিষ্যতে ভালো করার অনুপ্রেরণা জুগিয়েছে।

চুয়েটের এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ও চুয়েট ম্যাথ ক্লাবের মডারেটর ড. উজ্জ্বল কুমার দেব। তিনি বলেন, ২০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের মধ্যে চুয়েটের দুই শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে যাওয়ার যোগ্যতা অর্জন গর্বের বিষয়। পরবর্তী ধাপের প্রস্তুতিতে চুয়েট ম্যাথ ক্লাব তাদের সার্বিক সহযোগিতা করবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, আঞ্চলিক পর্যায়ের বিজয়ীদের নিয়ে আগামী ১৯ ডিসেম্বর ঢাকায় জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় প্রথম পাঁচজন বিজয়ী হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme