রাঙামাটি রিজিয়নের কাপ্তাই ৩৮ বীরের উদ্যোগে পরিচালিত শিশু নিকেতন স্কুলের ব্যবস্থাপনায় ‘জোন কমান্ডার্স স্কলারশিপ পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৬৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।
শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার জানান, কাপ্তাই, রাঙ্গুনিয়া, রাউজান ও চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। তৃতীয় থেকে পঞ্চম এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ পরীক্ষার আয়োজন করা হয়।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন কাপ্তাই জোনের উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে এ স্কলারশিপ পরীক্ষার আয়োজন করা হয়েছে।
এদিকে, পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকেরা এ উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা জানান। এ সময় জোনের পদস্থ কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
