ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি কর্মচারীদের পে-ফিক্সেশন প্রক্রিয়া সম্পন্ন করার নামে জনপ্রতি এক হাজার টাকা দাবির অভিযোগ উঠেছে প্রধান হিসাব সহকারী আইয়ুব আলীর বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা ও ক্ষোভ তৈরি হয়েছে।
ভাইরাল হওয়া অডিওতে কয়েকজন নার্সের সঙ্গে কথোপকথনে পে-ফিক্সেশনের কাজের জন্য টাকা চাওয়ার বিষয়টি শোনা যায় বলে অভিযোগ উঠেছে। অডিওতে অর্থ সংগ্রহ ও তা ভাগ করে দেওয়ার কথাও রয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে অডিওটির সত্যতা ও কথোপকথনের পূর্ণ প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
কর্মচারীদের ভাষ্য, পে-ফিক্সেশন সম্পন্ন করতে কোনো সরকারি ফি দেওয়ার নিয়ম নেই। অনেকে নিজেরাই এ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এ অবস্থায় কাজের খরচের কথা বলে অর্থ দাবি করায় তাঁদের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। সংগৃহীত অর্থ কোথায় ব্যয় হবে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একাধিক কর্মচারীর অভিযোগ, প্রধান হিসাব সহকারী আইয়ুব আলী বিভিন্ন বিলের কাজেও তাঁদের কাছে অতিরিক্ত অর্থ দাবি করেন। দায়িত্ব পালনে হয়রানির শিকার হওয়ার অভিযোগও করেন তাঁরা।
এর আগেও আইয়ুব আলীর বিরুদ্ধে হাসপাতালের বিভিন্ন বিল ও ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ উত্তোলনসহ অনিয়মের অভিযোগ উঠেছিল বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো তদন্ত প্রতিবেদন বা আনুষ্ঠানিক সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।
এদিকে, অডিও ফাঁসের বিষয়ে প্রধান হিসাব সহকারী আইয়ুব আলী বলেন, তাঁকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে নার্সরা অডিওটি ফাঁস করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হাসান বলেন, তিনি অডিও বার্তাটি শুনেছেন। তবে টাকা উত্তোলন বা ভাগবাঁটোয়ারার বিষয়ে তিনি কিছু জানেন না। এ বিষয়ে তাঁর সঙ্গে কেউ কোনো পরামর্শও করেননি।
অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে অডিওর সত্যতা যাচাই এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হাসপাতালের কর্মচারীরা।
[the_ad id="407"]
ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পে-ফিক্সেশনের নামে অর্থ দাবির অভিযোগ উঠেছে।
নিজস্ব প্রতিবেদক
