সিএইচটি সম্প্রীতি জোটের মুখ্য সমন্বয়ক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পাইশিখই মারমাকে (ছাত্রনেতা) প্রাণনাশের হুমকি দিয়েছে পার্বত্যাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউপিডিএফ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পার্শ্ববর্তী সিড়িমাংগলা বৌদ্ধ বিহারের সামনে অনুষ্ঠিত ইউপিডিএফ কর্মসূচির সময় গ্রামবাসীদের উপস্থিতিতে এই হুমকি দেওয়া হয় বলে স্থানীয় ও আক্রান্ত পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।
সংবাদ সূত্রে জানা যায়, ইউপিডিএফ কর্মীরা দাবি করেছে যে পাইশিখই মারমা তাদের নিকটস্থ কুতুকছড়ি বাজারে নতুন সেনা ক্যাম্প স্থাপনের দাবি প্রত্যাহার করে তারা গ্রুপের কাছে ক্ষমা চাইবেন। দাবি পূরণ না হলে পাইশিখই মারমা ও তার পরিবারের সদস্যদের এলাকা থেকে বের করে দিবে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে এবং তার প্রাণ নেয়া পর্যন্ত শাস্তির আঘাত হতে পারে—এমন হুমকি পাওয়া গেছে। গত কয়েকদিন আগে পাইশিখই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিকটস্থ বাজারে একটি ক্যাম্প চালুর অনুরোধ করেন; সেই পোস্টের পর থেকে তাকে লক্ষ্য করে হুমকি বাড়তে থাকে বলে পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে।
পাইশিখই মারমার বাড়ি খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ৩ নং বর্মাছড়ির বিনাজুড়ি পাড়া (২নং ওয়ার্ড) এলাকায়। স্থানীয়রা জানায়, বিহারের সামনে উপস্থিত কয়েকশ গ্রামবাসীর সামনে বলা হয়—আগামী তিন দিনের মধ্যে ইউপিডিএফের কাছে প্রকাশ্যে ক্ষমা না চাইলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধির কারণে স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে সরকারি বা সামরিক সূত্র থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের প্রতিক্রিয়া এবং পাইশিখই মারমার পরিবারের বক্তব্য পাওয়া মাত্র প্রতিবেদনে সংযোজন করা হবে।
