“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ মাসুদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ শরীফ হোসেন, সিএমপি ট্রাফিক ডিভিশন (দক্ষিণ)-এর উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ লিয়াকত আলী খান, বিআরটিএ’র উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) কাজী মো. মাহবুবুল কবির এবং ট্রাফিক ইন্সপেক্টর বিপুল পাল।
কর্মশালার শেষে মূল্যায়ন পরীক্ষায় সপ্তম শ্রেণীর ছাত্রী তাসনিম জারা প্রথম, সপ্তম শ্রেণীর ছাত্র শান বড়ুয়া দ্বিতীয় এবং একাদশ শ্রেণীর ছাত্রী মেহজাবিন তৃতীয় স্থান অর্জন করে পুরস্কৃত হন।
বিআরটিএ সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চতুর্থ ধাপে আগামীকাল বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে আনোয়ারা-পটিয়া ক্রসিং এলাকায় একটি সচেতনতামূলক রোড ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ সময় ৩০ জন মোটরসাইকেল চালককে মানসম্মত হেলমেট প্রদান করা হবে।
