নওগাঁর মান্দা উপজেলায় অনুমোদনহীনভাবে ধানী জমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি ব্যাটারি জব্দ করা হয়।
শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এলেঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে ঘটনাস্থলে প্রমাণ পাওয়া যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৪ ও ১৫ অনুযায়ী জমির মালিক আয়েন উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কেভেটরের তিনটি ব্যাটারি জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।
অভিযান প্রসঙ্গে তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও ফসলি জমি সংরক্ষণের স্বার্থে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
