back to top

[the_ad id="407"]

সোস্যাল মিডিয়ায় ধর্ষক আখ্যা, পরিবারের নারীদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক পোস্ট ও লাইভে ধর্ষক আখ্যা দেওয়া, পরিবারের নারী সদস্যদের জড়িয়ে আপত্তিকর বক্তব্য প্রচার এবং মামলার নথি প্রকাশ করে হয়রানির অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর (মাস্টার্স) করতে যাওয়া চট্টগ্রামের শিক্ষার্থী মোহাম্মদ এহছানুল হক। এ ঘটনায় দুই আত্মীয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপপ্রচার বন্ধ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন এহছানুল হক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, অভিযুক্ত মো. আরমান আলী ও নাহিদা আক্তার তাঁর আত্মীয়। তাঁদের সঙ্গে বিরোধের জেরে বিভিন্ন নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য প্রচার করা হচ্ছে।

এহছানুলের অভিযোগ, ফেসবুক পোস্ট ও লাইভে তাঁকে ধর্ষক আখ্যা দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাঁর রক্তের সম্পর্কের আত্মীয় ও পরিবারের বিভিন্ন নারী সদস্যকে জড়িয়ে আপত্তিকর বক্তব্য প্রচার করা হচ্ছে। এমনকি আদালতে দায়ের করা মামলার নথির খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তাঁকে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এসব অপপ্রচারের কারণে তিনি, তাঁর পরিবার এবং বোনের পরিবার সামাজিকভাবে অপমান ও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন। আত্মীয়দের পারিবারিক জীবনেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। পুরো ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

এ ঘটনায় বাদী হয়ে বাকলিয়া থানায় সিআর মামলা নম্বর ৮২৩/২০২৬ দায়ের করেছেন বলে জানান তিনি। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। তাঁর দাবি, তদন্ত চলাকালে ভুক্তভোগী কয়েকজন নারী হলফনামার মাধ্যমে অভিযুক্তদের প্রচারিত অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে এহছানুল হক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ, মানহানিকর বক্তব্য ও পরিবারের নারী সদস্যদের জড়িয়ে অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme