ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাছ চুরি ঠেকাতে পুকুরে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখা জিআই তারে স্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের চৌদার উত্তর পূর্বপাড়া দলী বেপারী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হারুন অর রশিদ ওরফে হারু এবং আফরোজা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পুকুরের মাছ চুরি ঠেকাতে পুকুরের চারপাশে জিআই তারে বিদ্যুৎ সংযোগ দেন পুকুরের মালিক মাওলানা শায়েখ সেকান্দর আলী।
বুধবার দুপুরে পুকুরের ওপর তৈরি মাচা থেকে লাউ তুলতে গিয়ে বিদ্যুতায়িত হন সেকান্দর আলীর স্ত্রী আফরোজা। এ সময় মাকে বাঁচাতে তাঁর ছোট মেয়ে চিৎকার করলে সেকান্দর আলীর চাচাতো ভাই হারুন অর রশিদ এগিয়ে যান। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ফুলবাড়িয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইউনুস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
[the_ad id="407"]
ফুলবাড়িয়ায় মাছ চুরি ঠেকাতে পুকুরে বিদ্যুৎ সংযোগ, প্রাণ গেল দুজনের
মো. হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
