চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে কোনো অবস্থাতেই সন্ত্রাসীদের আস্তানা গড়তে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ শামসুল হক। অপরাধীদের তৎপরতা বন্ধে র্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে নিয়মিত যৌথ টহল চলছে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার বিকেলে জঙ্গল সলিমপুর পরিদর্শন করেন ডিআইজি মোহাম্মদ শামসুল হক। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থানের কথা জানান।
আলোচিত সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তারের বিষয়ে ডিআইজি বলেন, তাঁকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। ডিসেম্বর ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো সুনির্দিষ্ট আশঙ্কা নেই বলেও জানান তিনি। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।
এ সময় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, জঙ্গল সলিমপুরে অপরাধ দমনে যৌথ অভিযান ও টহল অব্যাহত থাকবে।
[the_ad id="407"]
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গড়তে দেওয়া হবে না: ডিআইজি
নিজস্ব প্রতিবেদক
