স্থিতিশীল দেশ বিনির্মানে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক।
বৃহস্পতিবার (২৪শে এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জ অডিটোরিয়ামে “স্থিতিশীল দেশ বিনির্মানে দরকার জাতীয় নির্বাচন ” শীর্ষক অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
জয়নাল আবেদীন ফারুক বলেন, ৩৬ জুলাই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের ৮ মাস পার হলেও এখনও পর্যন্ত অনির্বাচিত সরকার দ্বারা দেশ চলছে। আর এই সরকার দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে কোন স্থিতিশীলতা আনতে পারে নাই। কারণ রাষ্ট্রের প্রত্যেকটি জায়গাতে স্বৈরাচারের দোষররা চেয়ার দখল করে বসে আছে। যার ফলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সহ সবকিছু স্বাভাবিক এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের জন্য দেশে জাতীয় নির্বাচন দরকার। দেশের স্থিতিশীলতা আনার জন্য নির্বাচনের কোন বিকল্প নাই। এই সরকারের কারো কারো মধ্যে ক্ষমতার মোহ লেগে বসেছে। তাই তারা অনির্বাচিত অবস্থায় স্বৈরাচারের মতো ক্ষমতায় থাকতে চায়, যা এদেশের জনগণ কখনোই মেনে নিবে না। এ দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। তাই নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে এটা অন্তর্বর্তী সরকারের একটি মহল বুঝে গেছে, এজন্য তারা ষড়যন্ত্র করছে। কিন্তু আপনারা ভুলে যাবেন না, আপনারা যদি দুর্নীতি করেন, আপনারা যদি অপরাধী হন, আপনাদেরও বিচার কিন্তু এই বাংলাদেশের মাটিতে হবে। আপনারা কিন্তু ছাড় পাবেন না।
বিসিআরসি সভাপতি ও জ্যোষ্ঠ সাংবাদিক আলী আশরাফ আখন্দ এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাহিমা শিকদার, জাসাস জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক মো: লিয়াকত আলী, সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ আবু মুসা মো: আরিফ ও ইমরান হোসেন তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য, নেত্রকোনা জেলা বিএনপি প্রমূখ।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রধান আলোচকের বক্তব্যে বলেন, ১৫ বছরের ক্ষোভ ৫ আগষ্ট এদেশের মানুষ প্রকাশ করেছে। সেখানে মানুষের মূল আকাঙ্খা ছিল ভোট প্রদান, কিন্তু স্বৈরাচারী হাসিনার সময় সেই ভোট তারা দিতে পারেন নাই। মানুষ চায় গণতন্ত্র এবং ভোটাধিকার। অতএব আজকের অনুষ্ঠান থেকে আমি অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ করবো আপনারা অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষনা করুন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। সভাপতির বক্তব্যে আলী আশরাফ আখন্দ সভায় উপস্থিত হওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান।অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিসিআরসি’র সাংগঠনিক সম্পাদক কিশোর ডি কস্তা।
উক্ত গোলটেবিল আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিসিআরসি র, নেতৃবৃন্দ সহ আরও অনেক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ীসহ আরও অনেকে।
