back to top

[the_ad id="407"]

সন্ত্রাস ও কালোটাকামুক্ত রাজনীতিই নতুন বাংলাদেশের রক্ষাকবচ: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

গণভোটের গণরায় ও জুলাই সনদ মেনে সন্ত্রাস ও কালোটাকামুক্ত রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
রোববার (২২ নভেম্বর) নগরীর দেওয়ানবাজারের বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম মহানগরী জামায়াত আয়োজিত থানা দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
নজরুল ইসলাম বলেন, নতুন বাংলাদেশকে সুরক্ষিত রাখতে রাজনীতিতে সন্ত্রাস, অগ্নিসংযোগ, পেশিশক্তি ও কালোটাকার প্রভাব বন্ধ করতে হবে। জাতীয় ঐক্য সুদৃঢ় করতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই।
তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদের সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর ফিরবে না। অতীতের সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তিনি বলেন, ক্ষমতা ও কালোটাকার লোভে তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার কারণে দেশের বিভিন্ন স্থানে নতুন করে নৈরাজ্য সৃষ্টির সুযোগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে। সন্ত্রাসী ও তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।
চট্টগ্রাম নগরের পাঁচলাইশে ড. মুহাম্মদ ইউনূসের বাড়ি, খাগড়াছড়িতে সাদেক কায়েমের বাড়ি এবং নেত্রকোণায় খান তালাত মাহমুদ রাফির পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালীতে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়াসহ বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
তিনি আরও বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য সুদৃঢ় করতে হবে। প্রতিহিংসা, সহিংসতা ও কালোটাকানির্ভর রাজনীতির পরিবর্তে ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।
সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহীসহ মহানগরী ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে থানা পর্যায়ের দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং যেকোনো পরিস্থিতিতে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান নজরুল ইসলাম।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme