জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘পবিত্র কুরআনের আলো’র ১৯তম আসরের চট্টগ্রাম জেলা পর্বের বাছাই অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) চট্টগ্রাম কলেজ সংলগ্ন গণি বেকারি মোল্লা মিসকিন শাহ (রহ.) মসজিদ চত্বরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, পবিত্র কুরআন মানবজাতির জন্য হেদায়াতের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে আদর্শ ও নৈতিকতাসম্পন্ন সমাজ গড়ে তোলা সম্ভব। নতুন প্রজন্মকে কুরআনের শিক্ষা ও আদর্শে গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ, অনুষ্ঠান প্রধান মাওলানা মুহিববুল্লাহ এবং বিচারক হিসেবে হাফেজ মাওলানা হেলাল উদ্দিন ও হাফেজ মাওলানা মিসবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জেলা পর্যায়ের বাছাইয়ে বিপুলসংখ্যক হাফেজ অংশ নেন। তাঁদের তিলাওয়াত ও হিফজের দক্ষতা যাচাইয়ের মাধ্যমে যোগ্য প্রতিযোগীদের জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে। কুরআনের হিফজ, তিলাওয়াত ও চর্চায় নতুন প্রজন্মকে উৎসাহিত করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে আলেম-ওলামা, কুরআনের হাফেজ, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
[the_ad id="407"]
আলোকিত সমাজ গঠনে কুরআনের শিক্ষার বিকল্প নেই: নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
