চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে অনুমোদিত নকশার ব্যত্যয় এবং সড়কের জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পরিচালিত এ অভিযানে চারটি ভবনের মালিককে মোট ৪৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নির্মাণকাজ বন্ধ রাখতে ১০টি ভবন সিলগালা এবং একটি ভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই এলাকার ১৬টি ভবন পরিদর্শন করেন। এ সময় অনুমোদিত নকশা না মেনে নির্মাণ এবং সড়কের জন্য নির্ধারিত জায়গা না ছাড়াসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
চউকের অথরাইজড অফিসার-১ কাজি কাদের নেওয়াজ জানান, অপরিকল্পিত নগরায়ণ রোধ এবং ইমারত নির্মাণ বিধিমালা বাস্তবায়নে চউক কঠোর অবস্থানে রয়েছে। অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
[the_ad id="407"]
অক্সিজেন-কুয়াইশ সড়কে চউকের অভিযান, সিলগালা ১০ ভবন
নিজস্ব প্রতিবেদক
